নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে কর্মসূচি, পাঁচজন আটক
নোয়াখালীতে কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগ–এর জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে বিক্ষোভ করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কার্যালয়টিতে পুনরায় তালা ঝুলিয়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পর থেকে টাউনহল মোড়ে অবস্থিত দলটির জেলা কার্যালয় প্রায় ১৮ মাস ধরে বন্ধ ছিল। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একদল নেতাকর্মী তালা ভেঙে সেখানে প্রবেশ করে ব্যানার টানান এবং বিভিন্ন স্লোগান দেন। প্রায় আধাঘণ্টা ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন এবং দাবি করেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বলেন, সকালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সেখানে কর্মসূচি পালন করে চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। পরে যুবদল ও অঙ্গসংগঠনের নেতারা কার্যালয়ে আবার তালা দেন। বর্তমানে কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে।
এ বিষয়ে সুধারাম মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন