সৌদি আরবে
লক্ষ্মীপুরের এক পরিবারের চার সদস্যসহ নিহত পাঁচ
আবহা শহরে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের একটি পরিবারের দুই শিশুসহ চার সদস্য রয়েছেন।
নিহতরা হলেন—মোহনা (১৩), দেড় বছর বয়সী সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। একই দুর্ঘটনায় পরিবারের আরেক সদস্য ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে এবং বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
পরিবারের সদস্য ও ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।
নিহতের মামাতো ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে রামগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।






আপনার মতামত লিখুন