খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যেভাবে গঠিত হবে নতুন সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
যেভাবে গঠিত হবে নতুন সরকার

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, দলটি আগেই এ ঘোষণা দিয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চতুর্থবারের মতো দেশ শাসনের ভার নিতে যাচ্ছে দলটি। এর আগে বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার সরকার গঠন করেছিল।

গেজেট জারি ও সংসদ সদস্যদের শপথ

নিয়ম অনুযায়ী, এখন নির্বাচন কমিশন থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারি করা হবে। এরপর সংসদ সদস্যরা শপথ নেবেন এবং এর মাধ্যমেই সংসদ গঠিত হবে। পরবর্তী ধাপে সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সংসদ নেতা নির্বাচন করবে এবং তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তখন রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।

সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট কমপক্ষে ১৫১টি আসন পেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়। সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকেই রাষ্ট্রপতি সরকার গঠনের আহ্বান জানান। সেই হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই সরকার গঠন করবেন।

বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া ৫৫ ও ৫৬ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

৫৫ অনুচ্ছেদ : প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে। প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী অন্যান্য মন্ত্রীদের নিয়ে এই মন্ত্রিসভা গঠন করবেন। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর মাধ্যমে বা তার কর্তৃত্বে প্রয়োগ করা হবে এবং মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়ী থাকবে।

৫৬ অনুচ্ছেদ : রাষ্ট্রপতি সেই সদস্যকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে প্রতীয়মান হবেন। মন্ত্রিসভার সদস্যদের অন্তত নয়-দশমাংশ সংসদ সদস্যদের মধ্য থেকে হতে হবে এবং অনধিক এক-দশমাংশ সদস্য (টেকনোক্র্যাট) সংসদ সদস্য হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মনোনীত করা যাবে।

নতুন মন্ত্রিসভার দাপ্তরিক কাজ পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে পর্যায়ক্রমে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ পড়াবেন। শপথ গ্রহণের মাধ্যমেই নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

কবে গঠিত হবে নতুন সরকার?

সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ হবে। পরবর্তী দু-দিনের মধ্যে অর্থাৎ ১৭ বা ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার শপথের মধ্যমে নতুন সরকার গঠন করা হবে।

এর আগে বৃহস্পতিবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।

সেক্ষেত্রে ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জাতীয় সরকার গঠন করবে বিএনপি

নির্বাচনে জয়লাভ করলে বিএনপি একা সরকার গঠন করবে না বলে আগেই জানিয়েছিল। রাজপথে দীর্ঘ সময় যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে বিএনপির সঙ্গে ছিল, তাদের নিয়েই ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করবো।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ৩১ দফা অনুযায়ী যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরিক ছিল, তাদের নিয়েই ঐকমত্যের ভিত্তিতে এই জাতীয় সরকার গঠিত হবে। এটি সংসদে থাকা সবাইকে নিয়ে সর্বদলীয় সরকার নয় বরং ঐকমত্যের ভিত্তিতে আন্দোলনের সঙ্গীদের নিয়ে জাতীয় সরকার গঠন করবো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি