ভোটের ফল নিশ্চিত না করে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট দেওয়ার পরও ফলাফল সুরক্ষিত না হলে ভোট চুরির আশঙ্কা থেকে যায়। তাই ভোট গণনা শেষ করে ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটারদের কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী জোটের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। এ সময় জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে। দেশের প্রায় ৪০ শতাংশ ভোটার জীবনে একবারও নিজের ভোট দেওয়ার সুযোগ পাননি। তাই এবারের নির্বাচন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “ভোটের পরিবেশ বিঘ্নিত হলে দেশের তরুণ সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না। জনগণ নিজের ভোটাধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি যথাযথ দায়িত্ব পালন করে, তবে সাধারণ মানুষকে কোনো পদক্ষেপ নিতে হবে না। কিন্তু ব্যর্থতা দেখা দিলে জনগণ নিজেরাই সুষ্ঠু ভোট নিশ্চিত করবে।”
সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, “আমরা এমন একটি সমাজ চাই যেখানে সর্বত্র ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তরুণ প্রজন্ম কারও করুণা নয়, কাজের সুযোগ চায়। তারা দেশ গঠনে সক্রিয় অংশীদার হতে চায়। আমরা তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা দেশেরই সেবক। ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করলে জনগণের ভালোবাসা ও সম্মান অর্জন করবেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই আপনাদের প্রধান কর্তব্য।”
প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান।






আপনার মতামত লিখুন