ভয় নয় সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের
ভয় নয় সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভয়কে পেছনে ফেলে সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে যেতে হবে। একটি ভোট শুধু সরকার পরিবর্তনের মাধ্যম নয়, এটি দীর্ঘ ১৭ বছরের নীরবতা ও দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের শক্ত জবাব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ভাষণের শুরুতে তিনি বলেন, জাতি এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে। আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট—যা দেশের ভবিষ্যৎ পথনির্দেশ নির্ধারণ করবে।
মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাঁদের আত্মত্যাগ ছাড়া আজকের এই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হতো না। দেশ ও জাতি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ।
তিনি বলেন, প্রতিটি জাতির জীবনে কিছু দিন আসে, যেসব দিন রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো ও গণতন্ত্রের চরিত্র নির্ধারণ করে। আসন্ন ভোটের দিনটি ঠিক তেমনই এক সন্ধিক্ষণ, যেখানে একদিকে সরকার গঠন হবে, অন্যদিকে গণভোটের মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনী প্রচার শেষ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত নাগরিক হিসেবে জনগণের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা ভাগ করে নেওয়াই ছিল তাঁর নৈতিক দায়িত্ব।
প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচন পূর্ববর্তী নির্বাচনগুলোর তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সম্মিলিত দায়িত্বশীল আচরণেই এই পরিবেশ সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তবে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেও সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়।
অধ্যাপক ইউনূস জানান, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং স্বতন্ত্রসহ মোট প্রার্থী সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে—যা দেশের ইতিহাসে বিরল।
তিনি বলেন, এটি কেবল একটি নিয়মিত নির্বাচন নয়; বরং একটি গণ-অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘদিনের বৈষম্য, অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই নির্বাচন তার সাংবিধানিক প্রতিফলন।
সব প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জয় বা পরাজয় যাই হোক না কেন, জাতির বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং নির্বাচনের পর সবাইকে একসঙ্গে ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
ভাষণে বিশেষভাবে তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছর ধরে ভোটাধিকার থেকেও ভোট দিতে না পারা এই প্রজন্মের জন্য এই নির্বাচন একটি নতুন অধ্যায়ের সূচনা। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ ও নারীদের ভূমিকা ছিল অগ্রণী।
তিনি আরও বলেন, নারীরা শুধু আন্দোলনেই নয়, অর্থনীতি, পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই নির্বাচন তাঁদের কণ্ঠস্বর রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রতিফলনের সুযোগ এনে দেবে।






আপনার মতামত লিখুন