জাতীয় পার্টির সমর্থন পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচনী রাজনীতিতে হঠাৎ করেই নতুন মোড় নিয়েছে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন জানিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অবস্থিত রুমিন ফারহানার নির্বাচনী কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী জানান, দলীয় প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বিভিন্ন ধরনের চাপ, হুমকি ও হয়রানিমূলক মামলার কারণে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনা অনুযায়ী জাতীয় পার্টি এই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে জাতীয় পার্টির ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় ব্যারিস্টার রুমিন ফারহানা দৃঢ় অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির বিপক্ষেও তিনি রাজনৈতিক অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। তার এই ভূমিকার প্রতি সম্মান জানিয়ে দলটি এবার ‘হাঁস’ প্রতীকের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে।
জাতীয় পার্টির সমর্থন পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে আমার নির্বাচনী প্রতীক ‘হাঁস’-এর পক্ষে অবস্থান নিয়েছে— এটি ঐক্যবদ্ধ রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।
ভবিষ্যতে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপাতত সব মনোযোগ ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিকে। নির্বাচনে জয়ী হলে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। এখনকার মূল লক্ষ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যেখানে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও রুমিন ফারহানার নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন