ক্ষমতায় গেলে ১৮ কোটি মানুষের অধিকার নির্ধারিত হবে: ডা. শফিকুর রহমান
কোনো ব্যক্তি, পরিবার কিংবা রাজনৈতিক গোষ্ঠীর ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে নয়; বরং দেশের প্রায় ১৮ কোটি মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই চলমান রাজনৈতিক সংগ্রাম—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদীয় প্রার্থী ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জাতি সিদ্ধান্ত নেবে—বাংলাদেশ স্বাধীনতার পথে অগ্রসর হবে, নাকি আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত আয়োজিত এক বিশাল নির্বাচনী গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচন শুধু সরকার গঠনের আনুষ্ঠানিকতা নয়; বরং এর মাধ্যমে জনগণ নির্ধারণ করবে দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলার রাজনীতি চলবে কি না। একই সঙ্গে দেশের মা-বোনেরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবেন কি না, সেই সিদ্ধান্তও এই ভোটে নির্ধারিত হবে।
বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি গত সাড়ে ১৫ বছরে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণ করেন। কঠিন সময়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জামায়াত আমির বলেন, দেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। এই নির্বাচন হবে ‘আজাদি’ অর্থাৎ মুক্তির পক্ষে, না কি ‘গোলামি’ বা পরাধীনতার পক্ষে—সে সিদ্ধান্ত জনগণই নেবে। এটি হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি সিন্ডিকেট, লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে গণরায়।
তিনি আরও বলেন, যারা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সেই অর্থ দেশে ফিরিয়ে আনার প্রশ্নেও এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যেন নতুন কোনো লুটেরা গোষ্ঠী গড়ে উঠতে না পারে, সে জন্য জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে নিজেদের ভাগ্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের ভবিষ্যৎ পরিবর্তনের অঙ্গীকার করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমি কোনো দলের জয় চাই না, আমি চাই দেশের মানুষের জয়।”
পূর্ববর্তী ব্যক্তি বা পরিবারকেন্দ্রিক শাসনব্যবস্থা দেশের মানুষের শান্তি, কর্মসংস্থান কিংবা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেষে তিনি বলেন, জামায়াত কোনো গোষ্ঠীগত শাসন কায়েম করতে চায় না; বরং একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের মাধ্যমেই ইনশাআল্লাহ বিজয় অর্জিত হবে।






আপনার মতামত লিখুন