পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ: যেসব বিষয়ে হলো আলোচনা
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে আইসিসিকে চাপে ফেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উদ্ভূত সংকট কাটাতে কূটনৈতিক উদ্যোগ হিসেবে গতকাল লাহোর সফর করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
লাহোরে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন আইসিসি, পিসিবি ও বিসিবির শীর্ষ প্রতিনিধিরা। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আলোচনায় আইসিসি মূলত পাকিস্তানকে অনুরোধ জানায়, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলতে সম্মত হতে। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পিসিবি প্রধান মহসিন নাকভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের দাবির বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং সংকট সমাধানে একটি কার্যকর ফর্মুলাও প্রস্তুত করা হয়েছে।
প্রস্তাবিত সমাধান অনুযায়ী, বাংলাদেশ আর্থিক ক্ষতিপূরণ পেতে পারে। পাশাপাশি বিশ্বকাপের লভ্যাংশ এবং ভবিষ্যতে ভারতে কোনো ম্যাচ আয়োজন হলে হাইব্রিড মডেলে খেলার সুযোগ দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এই আলোচনায় পিসিবি মূলত সমন্বয়কের ভূমিকা পালন করেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, পরবর্তী করণীয় ঠিক করতে আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আজ বিকেলেই ফের আলোচনায় বসতে পারেন। একই সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও দ্রুত আসতে পারে।






আপনার মতামত লিখুন