জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন ডা শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন—এমন প্রশ্নের সরাসরি নাম উল্লেখ না করে নীতিগত অবস্থান তুলে ধরেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামীর রাষ্ট্রপতি হবেন এমন একজন ব্যক্তি, যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান হবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ধৈর্যের গুরুত্ব তুলে ধরে কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘ইন্নাল্লাহা মা’আসসবিরীন—নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’
রাষ্ট্রপতির নাম ঘোষণা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসার জন্য সবচেয়ে জরুরি হলো সততা, যোগ্যতা ও দায়িত্ববোধ। এসব গুণাবলি না থাকলে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ ন্যায়বিচার, শান্তি ও সুশাসনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। রাজনৈতিক পরিবর্তনের জন্য ধৈর্য ও ত্যাগ প্রয়োজন। জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে কেউ রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হবে না এবং কেউ অন্যায়ের শিকার হবে না।
জামায়াত আমির আরও বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি একটি আমানত। এই আমানত যাদের হাতে দেওয়া হবে, তাদের অবশ্যই জনগণের আস্থা অর্জনের মতো সৎ ও যোগ্য হতে হবে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
এদিন কাফরুল থানা এলাকার উত্তর ইব্রাহিমপুরে অবস্থিত ব্যাটালিয়ন বউ বাজারসংলগ্ন বাইতুস সালাত জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে গণসংযোগ শুরু করেন ডা. শফিকুর রহমান। গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তাদের কথা শোনেন।






আপনার মতামত লিখুন