ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
বাগেরহাটে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় অগ্নিসংযোগ
বাগেরহাটে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় অগ্নিসংযোগ
বাগেরহাট-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে একটি স্পিড বোর্ড এবং আশপাশের বিভিন্ন প্রজাতির গাছপালা পুড়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় দুটি বড় টিনশেড ঘর।
এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান পিন্স অভিযোগ করে বলেন, বাগেরহাটবাসীর জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। পূর্ববর্তী সরকারের সময়ে নানা প্রতিবন্ধকতায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। নির্ধারিত ওই স্থানে আগে স্থানীয় পত্রিকা দৈনিক দক্ষিণ কণ্ঠের অফিস ছিল এবং সেখানে দুটি সেমিপাকা ঘর ও একটি স্পিড বোর্ড স্থাপন করা ছিল।
তিনি আরও দাবি করেন, নির্বাচনে তার বাবার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি বলে জানান মেহেদী হাসান পিন্স।
এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, স্থানীয়দের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হবে।






আপনার মতামত লিখুন