নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে জামায়াতঃমির্জা ফখরুলের অভিযোগ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করছে একটি দল, যা অতীতেও কখনোই বিশ্বাসযোগ্য ছিল না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের পক্ষে তিনি বলেন, নির্বাচনের শুরুতে ওই দলটি বলেছিল, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। পরে দেখা গেছে, তারা নির্বাচনে অংশ নিয়েছে এবং আবার দাবি আদায় না হলে নির্বাচন বর্জনের কথা বললেও শেষ পর্যন্ত ভোটে অংশ নিয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালে ওই দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতাবিরোধীদের হাতে দেশের নিরাপত্তা ও দায়িত্ব দেওয়া যাবে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না।
তিনি উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল হতে দেওয়া যাবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে জনগণের বিজয়, যা বিএনপি ও তারেক রহমানের বিজয়ও হবে।
মির্জা ফখরুল বিএনপির ইতিহাস তুলে ধরে বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যিনি স্বাধীনতার ঘোষণাকারী ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দলের চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের চাহিদা পূরণ ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে একমাত্র বিএনপিই সক্ষম। অন্যদিকে জামায়াতে ইসলামীর কোনো অভিজ্ঞতা নেই এবং ভবিষ্যতেও তারা তা করতে পারবে না। দেশের উন্নয়ন ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য।






আপনার মতামত লিখুন