কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। একই ঘটনায় তাদের আরেক সহপাঠী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো—দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। গুরুতর আহত শিক্ষার্থী সাইফ আলী (১৪), তিনি একই এলাকার জিয়ার আলীর ছেলে। তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে দৌলতখালী মাদরাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। পড়াশোনা শেষে বাড়ি ফেরার পথে হাজীপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






আপনার মতামত লিখুন