নাটোরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নাটোরের আব্দুলপুর জংশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহদী হাসান মুরাদের বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য আব্দুলপুর জংশনে কিছু সময়ের জন্য থামে। এ সময় মাহদী প্ল্যাটফর্ম ব্যবহার না করে রেললাইনের ওপর দিয়ে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করেন।
ঠিক তখনই ইঞ্জিন সংযুক্ত করার প্রক্রিয়া চলাকালে ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে তার এক পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের ভাষ্যমতে, দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একই ট্রেনে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ জানান, শুরুতে তারা বুঝতে পারেননি যে নিহত ব্যক্তি তাদেরই সহপাঠী। মরদেহ উপুড় হয়ে পড়ে থাকায় পরিচয় শনাক্ত করতে সময় লাগে। পরে পরিচয় নিশ্চিত হলেও ট্রেন ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলায় তিনি ঘটনাস্থলে আর থাকতে পারেননি। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি বলেও তিনি অভিযোগ করেন।
ঘটনার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন খোঁজখবর নিচ্ছে। বিভাগের সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন