নির্বাচন ঘিরে ইসিতে ৩৪৪ অভিযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত কমিশনে মোট ৩৪৪টি অভিযোগ জমা পড়েছে, যার প্রায় অর্ধেকই এসেছে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব এবং এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
ইসি সূত্র জানায়, জমা পড়া অভিযোগগুলোর মধ্যে ১৪৩টি অভিযোগ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। অপরদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে ২০১টি।
মো. সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোট ২১২টি মামলা দায়ের করেছেন। এসব মামলায় জরিমানা হিসেবে আদায় হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।
এছাড়া ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১৫টি মামলার সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করেছে। এসব মামলায় অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।






আপনার মতামত লিখুন