আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা
কুষ্টিয়া সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজটি অপসারণ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে পেজটি অপসারণ করা হয়। সে সময় পেজটির অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৩৯ হাজার।
এ তথ্য নিশ্চিত করেছে মুফতি আমির হামজার আইটি টিম। বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, পেজটি সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্রের ধারাবাহিক ভুয়া কপিরাইট অভিযোগ ও সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টের প্রেক্ষিতেই মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেসবুক পেজটি সরিয়ে নিয়েছে। আইটি টিমের দাবি অনুযায়ী, এটি কোনো ধরনের নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং মিথ্যা অভিযোগ ও সমন্বিত রিপোর্টিংয়ের ফলাফল।
আইটি টিম আরও উল্লেখ করে, জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত একটি চিহ্নিত মহল এ ধরনের অপতৎপরতায় জড়িত। তবে তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি ফেসবুক পেজ অপসারণ করলেও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন থেকে মুফতি আমির হামজাকে বিচ্ছিন্ন করা যাবে না।
পেজ পুনরুদ্ধারে ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।
আইটি টিম সকল সমর্থক ও অনুসারীদের উদ্দেশ্যে গুজব, ভুয়া আইডি ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার অনুরোধ করেছে।






আপনার মতামত লিখুন