সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব: ডা জোবাইদা রহমান
ঢাকা–১৭ আসনের তিন বৃহৎ বস্তি এলাকা কড়াইল, ভাষানটেক ও সাততলার নানা সমস্যা তুলে ধরতে হাতিরঝিলের উন্মুক্ত মঞ্চে সমবেত হন স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে ছিলেন পরিবহন শ্রমিক ও গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিধিরাও।
বুধবার (৪ ফেব্রুয়ারি) আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডা. জোবাইদা রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জোবাইদা রহমান বলেন, “আপনাদের সমস্যাগুলো অত্যন্ত মর্মস্পর্শী। আমি সেগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেছি। সঠিক পরিকল্পনা থাকলে এসব সমস্যার সমাধান সম্ভব। আমাদের মূলমন্ত্র—আমার আগে আমরা, তার আগে দেশ। সবার আগে বাংলাদেশ। দেশ ভালো থাকলেই আমরা ভালো থাকব।”
তিনি আরও বলেন, “আমরা সবার জন্য সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চাই। অধিকার প্রতিষ্ঠিত হলে মানুষের প্রাপ্য স্বাভাবিকভাবেই নিশ্চিত হবে। সমস্যার সমাধানের আগে সেগুলো ভালোভাবে জানা প্রয়োজন—এবং আমরা ন্যায়ভিত্তিক সমাধানেই বিশ্বাসী।”
বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান জানান, আগামী নির্বাচনী ইশতেহারে বস্তিবাসী, পরিবহন শ্রমিক ও গার্মেন্টস শ্রমিকদের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। তিনি বলেন, “তারেক রহমান ইতোমধ্যে কড়াইল ও ভাষানটেক বস্তিতে গিয়ে আপনাদের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের সুস্পষ্ট পরিকল্পনা তার রয়েছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান নির্বাচিত হলে আবাসন সংকট দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ভবন নির্মাণের আগেই ফ্ল্যাট বরাদ্দের কাগজ দেওয়া হবে, যাতে মানুষ স্থায়ী ঠিকানা পায়।”
এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদক নিয়ন্ত্রণ, নারীর নিরাপত্তা, বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সম্মিলিত পেশাজীবীদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা–১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যাংকার ও শিক্ষাবিদসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে বক্তব্য রাখেন সাততলা বস্তির নার্গিস আক্তার, কড়াইলের তানিয়া আক্তার, ভাষানটেকের ফাতেমা আক্তার বিথি, পরিবহন শ্রমিক প্রতিনিধি মির্জা আল শামীম এবং গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি ফাতেমা খাতুন।
আলোচনায় অংশ নেওয়া বস্তিবাসীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।






আপনার মতামত লিখুন