রেকর্ড ভাঙার পর স্বর্ণের দামে আবারো বড় পতন
সোনার বাজারে অস্থিরতা এখনও থামেনি। বৈশ্বিক বাজারের ওঠানামার সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতিতে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার এক ভরির দাম নেমে এসেছে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকায়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে বাজুস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন মূল্যহার কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
দাম কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, রোববার আন্তর্জাতিক বাজার বন্ধ থাকলেও দেশের বাজার চালু ছিল এবং চাহিদা তুলনামূলক কম ছিল। এ কারণে রাতে দাম কিছুটা সমন্বয় করা হয়। সোমবার আন্তর্জাতিক বাজার চালু হওয়ার পর প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ২০০ ডলার কমে যায়। সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে বৈঠকের মাধ্যমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৬৫১ ডলারে। যেখানে শনিবার লেনদেন শেষে দাম ছিল ৪ হাজার ৮৯৩ ডলার। এর আগে শুক্রবার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার তা ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।
দেশীয় বাজারে নতুন মূল্যহার অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
উল্লেখ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দামে টানা ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম দেখা যায়। বৃহস্পতিবার এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করে বাজুস, যা ছিল সর্বকালের রেকর্ড।
তবে ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার আবার ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানোর ঘোষণা আসে। এতে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়।






আপনার মতামত লিখুন