সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তারেক রহমানের সফর আজ
তারেক রহমান
রংপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে ধারাবাহিক নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (আজ) দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক পার্কে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এ জনসভায় সিরাজগঞ্জ জেলার সব সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এরপর বিকেল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরম্নন–চরজানা বাইপাসসংলগ্ন খোলা মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। স্থানীয় নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল জেলায় এটিই তারেক রহমানের প্রথম সরাসরি রাজনৈতিক জনসভা।
সিরাজগঞ্জের জনসভাকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে জানান, তারেক রহমানের জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর তার আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, এই জনসভায় রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে বলে তারা আশাবাদী। সিরাজগঞ্জের কর্মসূচি শেষে তারেক রহমান টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তার প্রথম রাজনৈতিক জনসভায় অংশ নিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা গেছে।






আপনার মতামত লিখুন