নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি সরাসরি নগরীর উদ্দেশ্যে রওনা হন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে তিনি হযরত শাহ মখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ২টায় রাজশাহীর মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন।
পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জয়পুরহাট জেলার নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। এরপর তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। রাত সাড়ে ৮টার দিকে তিনি বগুড়ায় অবস্থান করবেন।
এর আগে সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির জনসভা শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর, জেলা এবং আশপাশের বিভিন্ন উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। সংসদ সদস্য প্রার্থীদের বহর মাঠে প্রবেশ করলে উপস্থিত জনতার উচ্ছ্বাস চোখে পড়ে। মানুষের ভিড়ে আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। প্রিয় নেতাকে এক নজর দেখতে অনেক তরুণকে গাছ ও উঁচু স্থাপনার ওপর অবস্থান নিতে দেখা যায়।
জনসভা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠ ও আশপাশে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।






আপনার মতামত লিখুন