ভোটের পর অনিয়ম প্রমাণ হলে ব্যবস্থা নেবে ইসি
ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব কিংবা অন্য যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে কেউ নির্বাচনে অংশ নিয়ে সাময়িকভাবে রেহাই পেলেও, ভোটের পর প্রমাণ মিললে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কমিশন কোনো ধরনের আপস করবে না।
ইসি কমিশনার বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রয়েছে এবং কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে ইসি আশাবাদী বলেও জানান তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করা হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ রাখা হয়েছে।
এ সময় জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দলটির নিবন্ধন বহাল থাকায় আইন অনুযায়ী তাদের ভোটের বাইরে রাখার কোনো সুযোগ নেই।






আপনার মতামত লিখুন