দক্ষিণ ফিলিপিন্সে ফেরি ডুবে নিহত ১৫: নিখোঁজ ২৮
দক্ষিণ ফিলিপিন্সের বাসিলান প্রদেশের উপকূলে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।
রোববার (স্থানীয় সময়) মধ্যরাতের পর জাম্বোয়াঙ্গা শহর থেকে দক্ষিণ সুলুর জোলো দ্বীপের উদ্দেশ্যে যাত্রাকালে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। ফিলিপিন্স কোস্টগার্ড (পিসিজি) জানায়, যাত্রা শুরুর প্রায় চার ঘণ্টা পর ফেরিটি বিপদ সংকেত পাঠায়।
কোস্টগার্ডের তথ্যমতে, ওই ফেরিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন নাবিকসহ ৩৫৯ জন আরোহী ছিলেন। বাসিলান উপকূল থেকে আনুমানিক এক নটিক্যাল মাইল দূরে ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া যাত্রীদের নিকটবর্তী বালুক-বালুক দ্বীপে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া জানান, এখন পর্যন্ত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, ফেরিটি যাত্রার আগে কোস্টগার্ডের প্রয়োজনীয় অনুমোদন নিয়েছিল এবং অতিরিক্ত যাত্রী বহনের প্রমাণ পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ফিলিপিন্সে প্রায়ই ফেরি দুর্ঘটনার ঘটনা ঘটে। বৈরী আবহাওয়া, পুরনো ও অযোগ্য নৌযান এবং নিরাপত্তা ত্রুটির কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চলতি মাসেই একাধিক নৌদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে।






আপনার মতামত লিখুন