২৯ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় নওগাঁ আসছেন তারেক রহমান
এটিম মাঠে বিএনপির জনসভা
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) নওগাঁ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বিকেল ৩টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
তারেক রহমানের আগমন ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে দলটি। জনসভাস্থল নির্ধারণসহ সার্বিক আয়োজন তদারক করতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত নওগাঁর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে এটিম মাঠকে জনসভার ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়। পরিদর্শন শেষে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান প্রথমে রাজশাহী, এরপর নওগাঁ এবং সর্বশেষ বগুড়া সফর করবেন। নওগাঁর জনসভায় তিনি দলের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। জনসভাকে ঘিরে নিরাপত্তা ও সাংগঠনিক সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা। পাশাপাশি নওগাঁ জেলার ছয়টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন। তারা হলেন— নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের শেখ রেজাউল ইসলাম। এ ছাড়া জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীরাসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের উপস্থিতিতে নওগাঁর এই জনসভা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলীয় শক্তি আরও সুসংহত হবে।






আপনার মতামত লিখুন