চট্টগ্রাম থেকে পরিবর্তনের বার্তা দিলেন
১৯৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪-এর ছাত্র আন্দোলনঃতারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা শুধু ইতিহাস নয়, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বাধীনতাকে নতুন করে রক্ষা করা হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ প্রকৃত পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে—যার মধ্যে রয়েছে শিক্ষা সংস্কার, সবার জন্য স্বাস্থ্যসেবা এবং হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, কেবল সমালোচনা আর দোষারোপের রাজনীতিতে আটকে থাকলে দেশের অগ্রগতি সম্ভব নয়। জনগণ এখন পরিবর্তন চায়, চায় নিজেদের অধিকার প্রয়োগের সুযোগ। এ জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলানো জরুরি।
চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এই শহর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। চট্টগ্রামের সঙ্গে তার ও তার পরিবারের আবেগ ও আত্মিক সম্পর্ক গভীর।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি যতবারই রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। জনগণের প্রত্যাশা বাস্তবায়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সরকার গঠনের সুযোগ পেলে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করা হবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষির গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। দ্রব্যমূল্যের চাপ কমাতে কৃষি উৎপাদন বাড়ানো জরুরি। এজন্য কৃষক ও কৃষাণীদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে স্বল্পসুদে ঋণসহ নানা সুবিধা পাওয়া যাবে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের কর্মসংস্থানের বাইরে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে নারীদের স্বাবলম্বী করতে গ্রাম থেকে শহর পর্যন্ত ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, খাল খনন এবং চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
এর আগে দুপুর ১২টা ২১ মিনিটে তারেক রহমানের গাড়ি পলোগ্রাউন্ডে পৌঁছালে নেতাকর্মীদের করতালি ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। মঞ্চে উঠে তিনি হাসিমুখে উপস্থিত জনতার অভিবাদন গ্রহণ করেন।
উল্লেখ্য, এটি তারেক রহমানের নির্বাচনী প্রচারের দ্বিতীয় ধাপ। এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি।






আপনার মতামত লিখুন