দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় দলের শীর্ষস্থানীয় নেতারা ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের প্রভাবশালী নেতারা।
দীর্ঘ প্রায় দুই দশক পর দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের এই চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তেজনা, উৎসবের আমেজ ও ব্যাপক কৌতূহল। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার–ফেস্টুনে সাজানো হয়েছে এলাকা। নেতাকর্মীদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বাড়তি উদ্দীপনা ও সক্রিয়তা।
আসন্ন মহাসমাবেশকে সামনে রেখে কয়েক দিন ধরেই পলোগ্রাউন্ড মাঠে চলছে জোর প্রস্তুতি। মাঠের পশ্চিম পাশে বাঁশের খুঁটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ। আয়োজকদের দাবি, এতে একসঙ্গে প্রায় দেড় হাজার নেতাকর্মী বসতে পারবেন। মঞ্চের সামনে রাখা হচ্ছে পাঁচ হাজারের বেশি চেয়ার।
শব্দব্যবস্থা নিশ্চিত করতে মাঠ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে দুই শতাধিক মাইক এবং ১০টি শক্তিশালী সাউন্ড সিস্টেম। পলোগ্রাউন্ড মাঠ থেকে কদমতলী ও টাইগারপাস পর্যন্ত এলাকায় ব্যবহার করা হবে প্রায় ২০০টি মাইক। শনিবার মাঠে দেখা যায়, নিরাপত্তা ব্যারিকেড বসানো হয়েছে এবং ধুলো নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে পানি ছিটানো হচ্ছে। একের পর এক গাড়িতে করে মাঠে প্রবেশ করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মহাসমাবেশ ঘিরে পুরো চট্টগ্রাম নগরীকে কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে—রেড, ইয়েলো ও গ্রিন জোনে। মঞ্চ এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত, যেখানে কেবল কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।
মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান।






আপনার মতামত লিখুন