‘শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে, ক্রিকেটাররা কেন নয়?মনোজ তিওয়ারি
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরোধিতার পর দেশটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা নাকচ করে দিয়েছে।
তবে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। তার মতে, এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের নয়, বরং রাজনৈতিক মহল থেকেই এসেছে।
৫ আগস্টের পর রাজনৈতিক টানাপোড়েনে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে। প্রায় দেড় হাজার মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়। একই সঙ্গে ভারত থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠে, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, নিরাপত্তার অজুহাত তুলে ভারতে না আসার সিদ্ধান্ত বিসিবির নয়। তার দাবি, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেই এমন বক্তব্য এসেছে, যেখানে বোর্ডের স্বায়ত্তশাসন প্রশ্নের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নিরাপদে অবস্থান করছেন। যদি একজন সাবেক সরকারপ্রধান নিরাপত্তা পেতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব নয়।
১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই সাবেক ক্রিকেটারের মতে, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশি ক্রিকেটাররাই। বিশ্বকাপে ভালো করার সুযোগ হাতছাড়া হবে, যা তাদের ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, আইসিসির অবস্থান স্পষ্ট—খেলতে হলে খেলুন, না হলে সরে দাঁড়ান।
অন্যদিকে, ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারত-পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা বিবেচনায় নেওয়া হলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি ভিন্ন মানদণ্ড প্রয়োগ করছে।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে একাধিক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মুসলিম যুবক মঞ্জুর লস্করকে বাংলাদেশি ভেবে হত্যা করার খবর প্রকাশিত হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকীর মতে, দীর্ঘদিনের বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণা, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা এবং সাম্প্রতিক সহিংসতা মিলিয়ে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা হুমকি বাস্তব এবং গুরুতর।






আপনার মতামত লিখুন