সিরাজগঞ্জ-৪ আসনে ইশতেহার পাঠের অনুষ্ঠানে ‘না’ ভোটের আহ্বান ঘিরে উত্তেজনা
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সব প্রার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান চলাকালে জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামানিক বক্তব্যে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। এ বক্তব্যের পরপরই মঞ্চের সামনে ও আশপাশে অবস্থানরতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হস্তক্ষেপে অনুষ্ঠান শেষ পর্যন্ত সম্পন্ন হয়।
ঘটনার পর জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামানিক নির্বাচন পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের নিরাপত্তাহীনতার কথা জানান। তিনি বলেন, গণভোটে ‘না’ ভোটের আহ্বান আমার ব্যক্তিগত বক্তব্য নয়, এটি দলের চেয়ারম্যান জিএম কাদেরের অবস্থান। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। এভাবে চললে সুষ্ঠু ভোট আয়োজন কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একটি সভায় ব্যস্ত রয়েছেন এবং সভা শেষ হলে বিষয়টি নিয়ে কথা বলবেন।






আপনার মতামত লিখুন