ফেস্টুন টানানোকে ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ
আহত চার
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফেস্টুন টানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রিফিউজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন—৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, জামায়াতকর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন এবং সংগঠনের অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন।
জামায়াতকর্মী ফিরোজ আলম অভিযোগ করে বলেন, সকালে তারা রিফিউজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপিকর্মী কাশেম মাঝি বাধা দেন। পরে তারা স্থান পরিবর্তন করে বাজারের অন্য পাশে ফেস্টুন লাগানোর সময় পরিকল্পিতভাবে হামলার শিকার হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।
অন্যদিকে আহত বিএনপিকর্মী মো. শাহাজান দাবি করেন, জামায়াতের লোকজন বিএনপির অফিসের সামনে ফেস্টুন লাগাতে চাইলে তিনি বাধা দেন। এ সময় তারা তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
বিএনপিকর্মী কামাল হোসেন বলেন, বিএনপির অফিসসংলগ্ন এলাকায় ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে জামায়াতের লোকজন হামলায় জড়ায়।
ভবানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন, এর আগেও শাহাজান দুইবার ড. রেজাউল করিমের পোস্টার ছিঁড়েছেন। আজও তাদের নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, শাহাজান মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং এ ঘটনায় জামায়াত দুঃখ প্রকাশ করছে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে উসকানি দিলে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবেন।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, শাহাজান মানসিক ভারসাম্যহীন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ বলেন, একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে মারধর করা নিন্দনীয়। তিনি দাবি করেন, এ ঘটনায় জামায়াতের কেউ আহত হয়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন