ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তারেক রহমান বলেন, দেশের রাজনীতিকে ব্যক্তি আক্রমণ বা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি থেকে বের করে নীতিনির্ভর ধারায় ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে উন্নয়ন, জনগণের সমস্যা সমাধান ও বাস্তবায়নযোগ্য নীতিমালা নিয়ে গঠনমূলক আলোচনা ও যুক্তিনির্ভর বিতর্ক জরুরি। তবেই রাষ্ট্র এগিয়ে যাবে।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভাবনা তুলে ধরে তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে যানজটসহ নাগরিক সংকট নিরসনে দেশি-বিদেশি পেশাদার বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডসহ বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তিনি।
ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব স্যাটেলাইট শহরের সঙ্গে দ্রুত ট্রেন যোগাযোগ স্থাপন করা হলে রাজধানীর ওপর জনসংখ্যার চাপ অনেকটাই কমবে। পাশাপাশি পুরান ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
বুড়িগঙ্গা নদী প্রসঙ্গে তিনি বলেন, নদীর তলদেশে জমে থাকা পলিথিন ও বর্জ্য অপসারণ করে খনন কার্যক্রম চালানো গেলে বুড়িগঙ্গাকে আবার প্রাণবন্ত করা সম্ভব।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কৃষি ব্যবস্থাপনায় সংস্কার এনে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করা হবে। একই সঙ্গে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরের সময় এখনই এসেছে, যেখানে প্রত্যেক নাগরিক মর্যাদার সঙ্গে বাঁচবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ভোটকে প্রভাবিত করতে কোনো অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হওয়া উচিত।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ডিআরইউর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সংগঠনটি নিয়মিত নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎ শেষে ডিআরইউর পক্ষ থেকে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পারিবারিক মিলনমেলায় সপরিবারে অংশগ্রহণের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয় এবং সংগঠনের শুভেচ্ছা স্মারক তার হাতে তুলে দেওয়া হয়।






আপনার মতামত লিখুন