শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ
“হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না” ও “মব করে শাকসু, বন্ধ করা যাবে না” এই স্লোগানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের স্থগিতের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার ( ২১ জানুয়ারি ) বিকেলে লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ স্টেশনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটওয়ারী , লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে পরিকল্পিতভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে। তাদের দাবি, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই একটি পক্ষ মব সৃষ্টি করে এ স্থগিতাদেশ আদায় করেছে। শাকসু নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্তকে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
বক্তারা অবিলম্বে শাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।






আপনার মতামত লিখুন