ক্ষমতায় এলে বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা জামায়াতের
সরকার গঠনের সুযোগ পেলে বাংলাদেশে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজকে একীভূত করে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত পলিসি সামিট ২০২৬-এ এ পরিকল্পনার কথা প্রকাশ করা হয়।
সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। জামায়াতের বিদেশ বিভাগের এক দায়িত্বশীল নেতা জানান, সকাল থেকেই বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে। ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে যোগ দেন।
সামিটের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ কেবল টিকে থাকা নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এ লক্ষ্যে আসন্ন নির্বাচন সামনে রেখে একটি নতুন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে জামায়াতে ইসলামী।






আপনার মতামত লিখুন