কারাবন্দি মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন
দেশের বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে কারাগারে আটক ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে শর্তহীনভাবে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। পাশাপাশি নিরপরাধ ব্যবসায়ীদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস।
তিনি বলেন, এনইআইআর কার্যক্রম বাস্তবায়নের নামে গৃহীত কিছু সিদ্ধান্তের কারণে দেশের প্রায় ২০ হাজার ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ী সরাসরি ক্ষতির মুখে পড়েছেন। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা মারাত্মক অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
আবু সাইদ পিয়াস অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে বহু ব্যবসায়ীকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি অবিলম্বে কারাবন্দি ৫৬ জন ব্যবসায়ীকে মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত অন্যান্য নেতারা জানান, গত এক মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলন ও দোকান বন্ধ কর্মসূচির ফলে মোবাইল খাতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। প্রায় ২১ দিন শোরুম বন্ধ থাকায় বহু কর্মচারী বেতন পাননি, ব্যবসায়ীরা দোকানভাড়া ও ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছেন। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ফি পরিশোধ করাও সম্ভব হয়নি।
তারা বলেন, মোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা, টেকনিশিয়ান ও গ্যাজেট ব্যবসায়ীসহ পুরো ব্যবসায়িক ইকোসিস্টেমই এই সংকটে নেতিবাচক প্রভাবের মুখে পড়েছে।
নেতারা আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গত ১৮ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিনি ব্যবসায়ীদের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে জনস্বার্থ ও ব্যবসায়ীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।
সামগ্রিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন বিবেচনায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ তাদের দোকান বন্ধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২২ জানুয়ারি থেকে সারা দেশে সব মোবাইল শোরুম পুনরায় চালু থাকবে বলে জানানো হয়।
তবে একটি নির্দিষ্ট সিন্ডিকেটের পণ্য বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ওই সিন্ডিকেট এনইআইআরের নাম ব্যবহার করে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করছে।
মোবাইল ব্যবসায়ীরা বলেন, তারা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনা করতে চান এবং নিয়মিত কর দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে আগ্রহী। একই সঙ্গে ভবিষ্যৎ সরকারের কাছে ব্যবসাবান্ধব ও জনবান্ধব নীতিমালার প্রত্যাশাও জানান তারা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সোহেলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক শতাধিক মোবাইল ব্যবসায়ী অংশ নেন।






আপনার মতামত লিখুন