শাকসু নির্বাচন স্থগিতের আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহ স্থগিত রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবেদনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে একই দিন দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দেন। আগামীকাল ২০ জানুয়ারি ভোটগ্রহণের কথা থাকলেও আদালতের আদেশে নির্বাচন আপাতত বন্ধ হয়ে যায়।
হাইকোর্টে দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু ও অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানি শেষে ব্যারিস্টার রাশনা ইমাম জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে শাকসু নির্বাচনের অনুমোদন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে না। চার সপ্তাহের মধ্যে যেকোনো সময় নির্বাচন আয়োজন করা যেতে পারে।
এর আগে শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়। আবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের নির্দেশনা উপেক্ষা করে শাকসু নির্বাচন আয়োজন আইনসম্মত নয়।
এদিকে নির্বাচন ঘিরে এর আগেই প্রার্থীদের প্রচারণার সময়সীমা ১২ ঘণ্টা বাড়ানো হয়েছিল। শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের পূর্ববর্তী স্থগিতাদেশের কারণে প্রচারণা ব্যাহত হওয়ায় সময় বাড়ানো হয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত প্রচারণার সুযোগ পান।






আপনার মতামত লিখুন