খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা
খুলনায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট থানাকে।
সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলার আবেদন গ্রহণ করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি আদালতে এ মামলার আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী বাবুল হাওলাদার জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে আইন অনুযায়ী তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে আমির হামজাকে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে দেখা যায়। ওই বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, এসব বক্তব্যের মাধ্যমে আরাফাত রহমান কোকো ও জিয়া পরিবারের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। চলতি মাসের ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা এলাকার সিএন্ডবি কলোনিতে অবস্থিত কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থানকালে বাদী এসব বক্তব্য শোনেন ও দেখেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী মো. জহিরুল ইসলাম বাপ্পি বলেন, আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি ও অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে। তিনি এসব মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনার আহ্বান জানান।






আপনার মতামত লিখুন