নরসিংদীতে প্রাইভেটকারে বিস্ফোরণ
নরসিংদীর শিবপুর উপজেলায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের পাশের কারারদী এলাকার স্টার সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে কোনো প্রাণহানি না হলেও গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনার পরপরই গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১১টার দিকে একটি প্রাইভেটকার সিএনজি নেওয়ার জন্য স্টার সিএনজি পাম্পে প্রবেশ করে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাম্পের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণেই বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণকবলিত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং চালক পলাতক রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






আপনার মতামত লিখুন