১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইসলামী আন্দোলনের
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ গঠিত ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’-তে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দল ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, দলের কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবে না এবং সবাই নির্বাচনী প্রতিযোগিতায় থাকবেন।
এর আগে শুক্রবার সকালে ইসলামী আন্দোলনের এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলটি চূড়ান্তভাবে ১১ দলীয় জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যে লক্ষ্য ও নীতির ভিত্তিতে ঐক্যের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে জোটের অন্য দলগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে একক নিয়ন্ত্রণের প্রবণতা এবং ‘ওয়ান বক্স ভোট’ প্রস্তাব বাস্তবায়নে অনীহার বিষয়টি সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর ইসলামী আন্দোলনের জোটে থাকা না থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। ওইদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে ইসলামী আন্দোলন অংশ নেয়নি। বৈঠক শেষে জামায়াত নেতারা রাতে সংবাদ সম্মেলনে দলটির উপস্থিতির সম্ভাবনার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি।
এদিকে, জোটের অন্য শরিকরা এখনো আলোচনার পথ খোলা রাখার কথা জানাচ্ছেন। তাদের বক্তব্য অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত সমঝোতার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, ইসলামী আন্দোলনকে ঐক্য প্রক্রিয়ায় রাখার জন্য তাদের আমির মাওলানা মামুনুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আলোচনা অব্যাহত রয়েছে। একই সুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জানান, এখনো আলোচনা শেষ হয়নি এবং সমাধানের আশা রয়েছে।






আপনার মতামত লিখুন