আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে আরও ৭৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ১০০টি আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এদিন ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩টি আপিল গ্রহণ করে সংশ্লিষ্ট প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৭টি আপিল খারিজ করা হয় এবং ১০টি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, টানা পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত মোট ৩৮০টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২৭৭ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। অপরদিকে, ৮১টি আপিল নামঞ্জুর হয়েছে এবং এখনো ২৩টি আবেদন বিচারাধীন রয়েছে। আগামী বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল নিষ্পত্তির কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা, যা চলবে ভোটগ্রহণের আগের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে একযোগে ও বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।






আপনার মতামত লিখুন