মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক ইরান
মধ্যপ্রাচ্যের ঘাঁটি থাকা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে আগাম সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে— যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক আক্রমণ চালায়, তবে ওই দেশগুলোর ভেতরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত আসতে পারে।
বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ আঞ্চলিক কয়েকটি দেশকে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরান তাদের অনুরোধ জানিয়েছে, যাতে এসব দেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কোনো হামলা পরিচালিত হতে না দেয়।
এই সতর্কবার্তার প্রেক্ষাপট হিসেবে ইরানে চলমান বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা উঠে এসেছে। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন চলেছে। পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ বিবেচনা করতে পারে।
ইরান সরকার বিক্ষোভ দমনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। বিভিন্ন সূত্রের মতে, এ সংঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কঠোর অভিযানের ফলে আন্দোলন অনেকটাই স্তিমিত হলেও ট্রাম্প নতুন করে বিক্ষোভ জোরদার করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতার প্রতিবাদে ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত করা হয়েছে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, এই পরিস্থিতিতে ইরানবিরোধী পদক্ষেপ আরও জোরালো হতে পারে।






আপনার মতামত লিখুন