মমতাজ বেগমের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের
দুর্নীতির মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে অনুসন্ধান আরও জোরালো হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের অংশ হিসেবে তার মালিকানাধীন বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জব্দের আওতায় রয়েছে রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জ জেলার একাধিক ভবন ও জমি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মহাখালী ডিওএইচএস এলাকায় একটি পাঁচতলা ভবন, পূর্বাচলে ৯ কাঠার একটি প্লট, মানিকগঞ্জ সদরে চারতলা একটি বাড়ি এবং সিংগাইর উপজেলায় দুটি দোতলা ভবন। এছাড়া সিংগাইরের জয়নগরসহ বিভিন্ন মৌজায় প্রায় ৪২০ শতাংশ জমিও ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পৈতৃক সূত্রে প্রাপ্ত মানিকগঞ্জের একটি দোতলা বাড়ি আপাতত জব্দের বাইরে রাখা হয়েছে।
দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম আদালতে আবেদনটি উপস্থাপন করেন। আবেদনে বলা হয়, মমতাজ বেগম ও তার সংশ্লিষ্ট স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত চলাকালে এসব সম্পদ হস্তান্তর বা বিক্রির আশঙ্কা থাকায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে জব্দের প্রয়োজন দেখা দেয়।
দুদকের তথ্যমতে, পৈতৃক সম্পত্তি বাদে জব্দকৃত স্থাবর সম্পদের দলিলমূল্য প্রায় ১১ কোটি ৮১ লাখ টাকা।
উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন মমতাজ বেগম। এরপর থেকে তিনি হত্যা চেষ্টা ও দুর্নীতিসহ একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।






আপনার মতামত লিখুন