গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে অন্তর্বর্তী সরকার
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে ফটোকার্ড প্রকাশv
জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরাসরি প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের মাধ্যমে ইতোমধ্যে এই প্রচার কার্যক্রম শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, ১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এসব ফটোকার্ড শেয়ার করা হবে। ফটোকার্ডে বলা হয়েছে—‘আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে হ্যাঁ-তে সিল দিন’।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারের কোনো আইনগত বাধা নেই। এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম বলেন, অন্তর্বর্তী সরকারের মূল এজেন্ডাই হচ্ছে সংস্কার। জুলাই সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে। তাই গণভোটে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আন্তর্জাতিকভাবেও সরকার সাধারণত গণভোটের পক্ষে অবস্থান নেয়।
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সত্যিকার অর্থে সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। উপদেষ্টা আদিলুর রহমান খানও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালট পেপারে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে মতামত দেবেন।






আপনার মতামত লিখুন