কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ: গুলিতে নিহত এক
কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত নুর কামাল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ক্যাম্পের আই-ব্লক এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে। সেই বিরোধের জের ধরেই গভীর রাতে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও হাতাহাতি শুরু হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার (এডিআইজি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতেও নুর কামাল গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।






আপনার মতামত লিখুন