এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয় : সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
ব্যাংকিং খাত বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় থাকলেও এই মুহূর্তে ঋণের সুদের হার কমানো সহজ নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখনই সুদহার কমানোর সুযোগ নেই।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, জনপ্রিয়তার কথা ভেবে নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় রেখেই নীতিগত সিদ্ধান্ত নিতে হয়।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব হয় না এবং সেখানে ভুলের সম্ভাবনাও থেকে যায়। তবে নেওয়া সিদ্ধান্তগুলোর ইতিবাচক ফল ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজের দায়িত্ব ও ভবিষ্যৎ ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে ব্যর্থতার আশঙ্কা থাকলেও দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের ফল মানুষ দেখতে পাবে।
অনুষ্ঠানের শেষে তিনি উপস্থিত সবার প্রতি দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব।






আপনার মতামত লিখুন