জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল আবেদনের শুনানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আপিল শুনানি প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে শুরু হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল নম্বর অনুযায়ী ধারাবাহিকভাবে শুনানি গ্রহণ করা হচ্ছে। ১০ জানুয়ারি ১ থেকে ৭০ নম্বর আপিল, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে বাকি সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি শেষে আপিল সংক্রান্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির আপিলের রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।






আপনার মতামত লিখুন