জকসু নির্বাচনে পরাজয়ের পর রাকিবের ইতিবাচক বার্তা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে পরাজিত হলেও শান্ত ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব। তিনি এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হিসেবে মূল্যায়ন করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাকিব বলেন, নির্বাচন প্রক্রিয়া ছিল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। তিনি জানান, ব্যক্তিগতভাবে পরাজিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়াটাই তার কাছে গর্বের বিষয়।
রাকিব লেখেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে চলেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত প্রতিনিধিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবেন।
একই সঙ্গে তিনি জকসু নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত জকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। অপরদিকে, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।






আপনার মতামত লিখুন