হারিয়ে যাচ্ছে খেজুর রসের ঐতিহ্য
শীতের সকালে এক দশক আগেও চোখে পড়ত খেজুর গাছ কাটা সরঞ্জাম ও রসের হাঁড়ি হাতে গাছিদের ব্যস্ততার দৃশ্য। শীতের মৌসুম শুরু হলেই বাড়ি বাড়ি চলত খেজুরের রস ও রসের পাটালি গুড় দিয়ে বাহারি পিঠাপুলির আয়োজন।
কিন্তু সময়ের পরিবর্তনে গ্রামবাংলার এই চিরচেনা দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। লক্ষ্মীপুরসহ সারাদেশেই ঐতিহ্যবাহী খেজুরের রস ও এর সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে খেজুর গাছের সংখ্যা হ্রাস (ইটভাটা স্থাপন ও কৃষিজমি রূপান্তর), দক্ষ গাছির সংকট (তরুণ প্রজন্মের অনাগ্রহ) এবং আধুনিক জীবনযাত্রার প্রভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ফলে শীতের পিঠা-পায়েসের অন্যতম প্রধান উপাদান এবং গ্রামীণ ঐতিহ্যের এই ধারাটি আজ বিপন্নপ্রায়।
স্থানীয় গাছি আবুল কাশেম জানান, তিনি প্রায় ১২ বছর ধরে এ পেশার সঙ্গে যুক্ত। আগে তার অনেকগুলো খেজুর গাছ থাকলেও বর্তমানে মাত্র ১০ থেকে ১২টি গাছ কাটেন। প্রতিদিন তিনি দেড় থেকে দুই কলসি খেজুরের রস সংগ্রহ করতে পারেন, যা বিক্রি করে আয় হয় আড়াই থেকে তিন হাজার টাকা।
তিনি বলেন, “রসের চাহিদা আছে, কিন্তু রস নেই। আগের মতো এখন আর খেজুর গাছও নেই। আগে এমন কোনো বাড়ি পাওয়া যেত না যেখানে খেজুর গাছ ছিল না। এখন ঘনবসতি ও নানা ধরনের গাছ লাগানোর কারণে খেজুর গাছ আগের মতো দেখা যায় না। নতুন গাছ জন্মালেও অনেকেই কেটে ফেলেন।”
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ বলেন, “গত কয়েক বছর ধরে এ অঞ্চলে শীতের প্রকোপ কম থাকায় খেজুর গাছের সংখ্যা হ্রাস পেয়েছে। পাশাপাশি অনেক গাছি অন্য পেশায় চলে গেছেন। গাছ ও দক্ষ গাছির অভাবে দিন দিন খেজুরের রসের উৎপাদন কমে যাচ্ছে।”
পরিকল্পিতভাবে খেজুর গাছ রোপণ ও সংরক্ষণ করা না হলে ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি পুরোপুরিভাবে হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।







আপনার মতামত লিখুন