১১ দিন কারাগারে অমানবিক নির্যাতনের ব্যাখ্যা দিলেন সুরভী
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে সদ্য জামিনে মুক্তি পাওয়া জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তাহরিমা জান্নাত সুরভী অভিযোগ করেছেন, তাকে পরিকল্পিতভাবে হয়রানি করে ১১ দিন কারাগারে রেখে অমানুষিক নির্যাতনের শিকার করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে টার্গেট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সুরভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি বা গণঅধিকার পরিষদ— কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। নিজেকে একজন অরাজনৈতিক নাগরিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল তার অপরাধ।
সুরভীর ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে প্রথমে গাজীপুর জেলা মহিলা কারাগারে পাঠানো হয়। রোববার ম্যাজিস্ট্রেট আদালতে জামিন পাওয়ার কথা থাকলেও তাকে সেখান থেকে রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আবারও রিমান্ড আবেদন করেন।
তিনি অভিযোগ করেন, আদালতে তার আইনজীবীরা পক্ষে প্রয়োজনীয় সব তথ্য উপস্থাপন করার পরও তদন্ত কর্মকর্তা স্বীকার করেন যে তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তবুও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সুরভী বলেন, “আমি মাত্র ১৭ বছরের একজন শিক্ষার্থী। সামনে পরীক্ষা ছিল। এসব বিষয় আদালতকে জানানো হলেও আমাকে রিমান্ডে পাঠানো হয়েছে। জামিন পেলেও ১১ দিন পর আমাকে এমন অবস্থায় মুক্তি দেওয়া হয়, যেন আমি লাশ হয়ে বের হয়েছি।”
কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জেল মানেই তার কাছে নির্যাতনের প্রতিচ্ছবি। একদিন কষ্ট করে টাকা দিয়ে একজনের মাধ্যমে মায়ের সঙ্গে দেখা করতে পেরেছিলেন বলেও জানান তিনি। সে সময় মাকে তিনি বলেছিলেন, হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না।
তিনি আরও অভিযোগ করেন, যে মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে, সেখানে প্রতারণা, চাঁদাবাজি, মারধর ও চুরিসহ একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে— যেগুলোর কোনোটি তিনি করেননি। তার ভাষায়, বারবার রিমান্ড চাওয়ার একমাত্র কারণ ছিল অর্থ আদায়ের চেষ্টা।
সুরভীর দাবি, তদন্ত কর্মকর্তা নিজেই আদালতে বলেছেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু “উপর মহলের নির্দেশ আছে”— এই যুক্তিতে তাকে রিমান্ডে নেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, তদন্ত প্রতিবেদন ছাড়াই কীভাবে মামলা হয় এবং কীভাবে ১৭ বছরের একজন কিশোরীকে রিমান্ডে পাঠানো সম্ভব।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কারাগারে তার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা তাবাসসুমও ছিলেন। তার দাবি, ওই শিক্ষার্থীকে এমনভাবে আটক রাখা হয়েছে যে তার পরিবার ও বিশ্ববিদ্যালয়— কেউই জানে না তিনি কোথায় আছেন। প্রতিবাদী কণ্ঠ রোধ করতেই এমন আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন সুরভী।






আপনার মতামত লিখুন