ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও কর্পোরেট ব্যাংকিং প্রধান হলেন আসিফ বিন ইদ্রিস
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আসিফ বিন ইদ্রিস। একই সঙ্গে তিনি ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
রোববার (৪ জানুয়ারি) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তার এই নিয়োগ কার্যকর হয়েছে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে।
ব্যাংকিং খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসিফ বিন ইদ্রিস কৌশলগত নেতৃত্ব, ব্যবসা সম্প্রসারণ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতার জন্য সুপরিচিত। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কমার্শিয়াল ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং কর্পোরেট গ্রাহক উন্নয়ন ও ব্যবসা রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, আসিফ বিন ইদ্রিসের গভীর খাতজ্ঞান ও প্রমাণিত নেতৃত্ব ব্যাংকের কর্পোরেট ও কমার্শিয়াল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। গ্রাহককেন্দ্রিক ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আসিফ বিন ইদ্রিস বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি ব্যাংকিং ও ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।






আপনার মতামত লিখুন