তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারার ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সবুজবাগ থানা এলাকার সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, সমর্থনকারী ভোটারদের তথ্যের অসংগতির কারণে মনোনয়নপত্রটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, ভোটার সংক্রান্ত তথ্য যাচাইয়ে অনিচ্ছাকৃত ভুলের কারণে কয়েকটি স্বাক্ষরে সমস্যা দেখা দিয়েছে।
কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা মনোনয়নপত্রে স্বাক্ষর দিয়েছেন, তারা বিশ্বাস করেই দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাস্তবে তারা ওই আসনের ভোটার নন।
তিনি আরও জানান, একাধিক স্বাক্ষরকারী নিজ উদ্যোগে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও সঠিক তথ্য খুঁজে পাননি। জাতীয় পরিচয়পত্রে থাকা ঠিকানার ভিত্তিতে তারা নিজেদের ওই আসনের ভোটার মনে করেছিলেন।
ডা. তাসনিম জারা বলেন,
“নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার কোন আসনের অন্তর্ভুক্ত, তা জানার সহজ কোনো ব্যবস্থা নেই। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। যদিও এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি।”
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেন।






আপনার মতামত লিখুন