ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্বের সব মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন। নতুন বছরের আগমন আমাদের অতীতের গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার শক্তি জোগায়।
তিনি আশা প্রকাশ করে বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নতুন বছরে সব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণই হবে আমাদের লক্ষ্য।
মুহাম্মদ ইউনূস আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের যে যাত্রা শুরু হয়েছে, তা নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে পূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বার্তার শেষাংশে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।






আপনার মতামত লিখুন