বেগম খালেদা জিয়া
জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বিকাল ৩টায় রাজধানীতে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ পাশে মানিকমিয়া এভিনিউতে অনুষ্টিত হয়। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে দেশবাসী ও উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আমার মা মরহুম বেগম খালেদা জিয়া কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ব্যক্তিগতভাবে তা পরিশোধের ব্যবস্থা করব।”
এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছেন।
তারেক রহমান মায়ের রুহের মাগফিরাত কামনা করে বলেন, দেশ ও জাতির জন্য তার অবদান যেন মহান আল্লাহ কবুল করেন, সে জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।






আপনার মতামত লিখুন