তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার মরদেহ
শেষ শ্রদ্ধায় স্বজন ও নেতাকর্মীরা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্স গুলশান-২ এলাকার ১৯৬ নম্বর বাসায় পৌঁছে। এর আগে সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় মোড়ানো কফিন নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয় মরদেহবাহী গাড়ি।
প্রথমে খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তা তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে পরিবার-পরিজন ও দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য নেওয়া হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে।
এদিকে ভোর থেকেই এভারকেয়ার হাসপাতাল ও গুলশান এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মরদেহ বহনকারী গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়াবেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে, তার জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা করছেন—শেষবারের মতো প্রিয় নেত্রীকে এক নজর দেখার আশায়।






আপনার মতামত লিখুন